
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে দোকানের ভেতরে গাঁজা রাখার ও বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে (৫৬) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকায় পুলিশের রাতের টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ‘ইত্যাদি স্টোর’ নামে একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে সুনীল কান্তি দেকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর দেখিয়ে দেওয়া মতে দোকানের ড্রয়ার থেকে দুটি কাগজের পুটলা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুটলা দুটিতে তিন গ্রাম করে মোট ছয় গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে জব্দতালিকা তৈরি করে গাঁজা জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুনীল কান্তি দে গাঁজাগুলো কক্সবাজারের চকরিয়া থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে দোকানে রেখেছিলেন বলে স্বীকার করেন।
পরে বিষয়টি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
সুনীল কান্তি দে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকার হিন্দুপাড়ার বাসিন্দা। তিনি মৃত চন্দ্র মোহন দে ও মৃত সবিতা বালা দের ছেলে।