
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
আগামী প্রজন্মকে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করতে তামাক চাষ নিরুৎসাহিত করার পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাজস্থলীর একটি অ্যাডভোকেসি সভায় বক্তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পিএইচপি-৩ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, তামাক চাষের কারণে আবাদি জমির উর্বরতা হ্রাস, পরিবেশের ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তামাক চাষ ও ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তামাক চাষের ক্ষতিকর প্রভাব ও তা প্রতিরোধে করণীয় নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভাটি আয়োজন করা হয়।
কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাজিম উদ্দীন, এমপি প্রতিনিধি আবুল হাশেম, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, সাময়িক অর্থনৈতিক লাভের বিষয়টি বিবেচনা করে তামাক চাষ করা হলেও এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। তামাক চাষ ও ব্যবহার কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।