
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দোসর গ্রামে কৃষকদের ‘কৃষি কার্ড’ দেওয়ার লক্ষ্যে ডিজিটাল তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিদ্যুৎ, ইন্টারনেট ও উন্নত যোগাযোগব্যবস্থা না থাকা সত্ত্বেও গত দুই দিনে ওই এলাকার প্রায় ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ করা হয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের দোসর গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে সরকারি সেবা পৌঁছে দিতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিনে গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলমের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিকূল পরিবেশে এ কার্যক্রম পরিচালনা করছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে দোসর বাজার এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম। এ সময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারসহ স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দেখা যায়, দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের স্বাগত জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, যোগাযোগব্যবস্থা সীমিত এমন দুর্গম এলাকায় এসে সরকারি সেবা দেওয়ার উদ্যোগ তাঁদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। কৃষি কার্ডের মাধ্যমে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে তাঁরা আশা করছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম চালানো হচ্ছে।