
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
সভায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, চিকিৎসক ডা. রাজেস চাকমা, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ১১টি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। উৎসবটি নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।