
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকলে ‘হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ভুষণছড়া রাইজিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিনা আমতলা ফুটবল একাদশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ছোট হরিনা জোন খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ভুষণছড়া রাইজিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে হরিনা আমতলা ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচ ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল। টুর্নামেন্টে খেলাধুলার পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ছোট হরিনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ (ইঞ্জিনিয়ার্স)। এ সময় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপারসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
আয়োজকেরা বলেন, ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।