
মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দীঘিনালা জোনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
সভায় দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, জোনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, আনসার ও ভিডিপির প্রতিনিধিসহ উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আনুমানিক ৫০ জন অংশ নেন।
আলোচনা সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে দীঘিনালা জোন কমান্ডার উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দীঘিনালা জোনের সেনাসদস্যরা নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।