
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙামাটির পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে পুরো জেলাকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু। তিনি বলেন, পর্যটকদের দীর্ঘ সময় রাঙামাটিতে অবস্থানের সুযোগ তৈরি করতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
সোমবার বিকেলে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, রাঙামাটিতে আসা পর্যটকেরা যাতে ৫ থেকে ৭ দিন জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে পর্যটন অবকাঠামো উন্নয়ন ও নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে নবগঠিত জেলা পরিষদ কাজ করতে চায়। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাঙামাটির সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরলে তা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
দীপন তালুকদার দিপু আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সংস্কৃতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বর্তমান পরিষদ কাজ করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা তৈরিতেও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, তফাজ্জল হোসেন, বিটু চাকমা, শাশ্বত চাকমা রিংকু, সুপর্ণ দেব বর্মণ, ত্রিমতি খেয়াং, প্রেমা তালুকদার, উথাই মং মারমা ও পাইসিং মং মারমাসহ পরিষদের অন্যান্য সদস্য এবং রাঙামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক নেতারা রাঙামাটির ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমে গণমাধ্যমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।