
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত ছোট তারাবন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চিকিৎসা ক্যাম্পে তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করেন। এ সময় ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগের ধরন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় বসবাসের কারণে চিকিৎসার জন্য অনেক সময় দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় হয়। স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তাঁদের উপকার হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।