
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এসব কমিটি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
কাজী মো. মজিবর রহমান বলেন, নবগঠিত কমিটিগুলো কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা নিরসন, বিভিন্ন সম্প্রদায়ের অধিকার নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি হতে পারে।
সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, পৌর নাগরিক পরিষদের সভাপতি সামশুল হক সামুসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।