
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর বেতছড়ি একতা সমিতির প্রয়াত সদস্য মো. আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সমিতির মৃত্যু তহবিল থেকে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা ও শোকবার্তা সংবলিত মানপত্র দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আলাউদ্দিনের নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা ও মানপত্র তুলে দেওয়া হয়।
এ সময় বেতছড়ি একতা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত আলাউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমিতির বিভিন্ন কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
সমিতির প্রচার সম্পাদক মো. ইউসুফ বলেন, সদস্য ও তাঁদের পরিবারের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্যে বেতছড়ি একতা সমিতি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত আলাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।