
মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে একটি পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সম্প্রতি প্রকল্পটির উদ্বোধন করেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পোয়ামুহুরী দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির সংকট ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির জন্য স্থানীয়দের দূরবর্তী স্থানে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি হতো।
নতুন প্রকল্পটি চালু হওয়ায় এলাকার পানির সংকট কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম এলাকায় সুপেয় পানির সুবিধা নিশ্চিত হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও নিরাপদ পানি ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ অব্যাহত থাকবে।