
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিক, রাকিব হোসেন ও ফজলু।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বদ্যকলোনি ও মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকসংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাঁদের আদালতে পাঠানো হবে।