
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, সাত রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় প্যাট্রন (চধঃৎড়হ) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় আগে থেকেই ওঁত পেতে থাকা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি কালো রঙের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগটির ভেতর থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।