
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাঙ্গামাটি শহরের পশ্চিম ওমদা মিয়া পাহাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক। কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি কখনো ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হননি। দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক হিসেবেই তিনি ছিলেন সর্বজনস্বীকৃত। একজন মমতাময়ী মায়ের মতো সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। তাঁর আদর্শ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তাঁরা।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম বাবলু, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বাবুল সর্দার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন ও মোহাম্মদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, রাঙ্গামাটি শ্রমিক দলের পৌর দপ্তর সম্পাদক মাহবুব আলমসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খান জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।