
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশে সকাল আনুমানিক ৯টায় বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রিভারঘাট পোস্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১৯৬ দশমিক ৬৯ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৫ হাজার ৭৬৭ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে বিধায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার থাকবে