
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা সদরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে এ সংলাপের আয়োজন করা হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার ‘নাগরিকতা’ প্রকল্পের এমপাওয়ারমেন্ট কার্যক্রমের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) উদ্যোগে আয়োজিত সংলাপের মূল উদ্দেশ্য ছিল নাগরিক সমাজের সংগঠন (সিএসও), কমিউনিটি পর্যায়ের সংগঠন (সিবিও), সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
সংলাপে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রতিনিধি জান্নাতুল নাঈমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এ সময় নাগরিক সমাজের সংগঠন ও স্থানীয় কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে সরকারি দপ্তরগুলোর যোগাযোগ বাড়ানো এবং উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।