
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মশাররফ হোসেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাবুছড়া মহিলা একাদশ ৫-০ গোলে বোয়ালখালী মহিলা একাদশকে পরাজিত করে।
আয়োজকরা জানান, দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদুসহ সংশ্লিষ্ট এলাকার মোট চারটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। খেলা শেষে বিজয়ী বাবুছড়া মহিলা একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন।