
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশক্রমে প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের নায়েক মোঃ মাকসুদ আলমের নেতৃত্বে একটি টহল দল প্রশিক্ষণটিলা চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে চেকপোস্ট এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ১০১.১৯ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। জব্দকৃত এই সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও জোন এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। বর্তমানে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব উপায়ে সীমান্ত ও পার্বত্য এলাকায় চোরাচালান চেষ্টা বৃদ্ধি করায় বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান পুরোপুরি নির্মূল করতে নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কঠোর অবস্থান বজায় থাকবে।