
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
প্রযুক্তির সহায়তায় রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া ৭৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৮ এপিবিএনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
১৮ এপিবিএন সূত্র জানায়, ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেলের প্রযুক্তিগত অনুসন্ধান ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন ঘটনায় বিপদগ্রস্ত তিনজনকেও উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পৃথক দুটি ঘটনায় ভুলবশত অন্যের হিসাবে চলে যাওয়া ৪৭ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে উদ্ধার করা অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা, অ্যাডজুটেন্ট মো. মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইত্তেখায়রুল ইসলামসহ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। হারানো মোবাইল, অর্থ ও বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।