
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে থাকা বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, মিল্টন দস্তিদার এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদক মামলা করে।
ওই মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে গত ২৩ জুলাই থেকে তিনি চাঁদপুর জেলা কারাগারে আটক রয়েছেন।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, কারাগারে আটক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান পদে কিংবা অন্য কোনো সরকারি কর্মস্থলে যোগ দিতে পারবেন না।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি বিষয়টি নিশ্চিত করে বলেন, পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তার দাপ্তরিক কার্যক্রম স্থগিত করেছে। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ওই পদে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
এদিকে, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় পিআইও হিসেবে দায়িত্ব পালনকালে মিল্টন দস্তিদারের বিরুদ্ধে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।