
বাঘাইছড়ি প্রতিনিধি।।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের কর্মস্থল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চবিদ্যালয়ে যান প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমও শুরু করেন তিনি। তবে কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে অফিসকক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দায়িত্ব পালনরত অবস্থায় প্রধান শিক্ষকের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
নিহত প্রশান্ত চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের নিউলাল্যঘোনা গ্রামের বাসিন্দা এবং তেজেন্দ্র বিকাশ কার্বারির ছেলে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
উগলছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিরো কুমার চাকমা বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে অফিসকক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গিয়ে দেখি প্রধান শিক্ষক মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে অন্য শিক্ষকদের ডেকে আনি। পরে আমরা তাঁকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, প্রধান শিক্ষকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নিউলাল্যঘোনায় নিয়ে যাওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।”