
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাঙ্গামাটিতে বেড়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার বিক্রি। প্রিয় দলকে সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা কিনছেন। ফলে শহরের বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।
মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ দোকান, অস্থায়ী স্টল ও বিভিন্ন টেইলার্সের দোকানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন আকারের পতাকা বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি ও বড় আকারের এসব পতাকার দাম ২০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত। অনেক বিক্রেতাকে বাঁশ বা লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা গেছে।
পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাঙ্গামাটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলেরই বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। এছাড়া ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগালের সমর্থকদেরও সক্রিয় উপস্থিতি দেখা যায়। অনেক সমর্থক পছন্দের দলের জার্সি পরে নিজেদের সমর্থন প্রকাশ করছেন। একই সঙ্গে বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানগুলোতে বিশ্বকাপ এবং বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা।
আর্জেন্টিনা সমর্থক সুজন ত্রিপুরা বলেন, “বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ অনুভব করি। আমরা বন্ধুদের সঙ্গে মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি, দলটি ভালো খেলবে।”
ব্রাজিল সমর্থক ইমন মারমা বলেন, “ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারও দলটি ভালো করবে বলে বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনছি।”
বিশ্বকাপকে কেন্দ্র করে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ এবং সমর্থকদের অংশগ্রহণে টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বাস দিন দিন আরও বাড়ছে।