
বশির আহমেদ, বান্দরবান।।
বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের শেরকর পাড়ায় অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর সদস্যরা বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা ও থানচির দুর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে রাঙামাটি সীমান্তসংলগ্ন রুমা ও থানচির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে বলে সূত্রটি জানায়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির দুর্গম এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।