
কাপ্তাই প্রতিনিধি।।
সারাদেশে টানা বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
রোববার (১২ জুলাই) বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়ামসংলগ্ন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত আশ্রয়কেন্দ্রে ১২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
এ ছাড়া দুর্গত এলাকার বিভিন্ন স্থানে গিয়ে আরও ২০টি পরিবারের কাছেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে বিজিবির কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।