
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টি না হওয়ায় জেলার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। শহরের অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বান্দরবান শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বালাঘাটাসহ বিভিন্ন নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেছে। দীর্ঘদিন পানিবন্দী থাকার পর বাসিন্দারা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন।
তবে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবারের আসবাবপত্র, খাদ্যসামগ্রী, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। পানি নেমে গেলেও বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও ময়লার স্তূপের কারণে জনভোগান্তি অব্যাহত রয়েছে।
দুর্গত অনেক পরিবারে এখনো বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধের সংকট রয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো দেশের অন্যান্য এলাকার সঙ্গে বান্দরবান জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।