
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে অগ্রগতির কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
সোমবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ জুন চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ নিহত হন। ঘটনার পর গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে জড়িতদের শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত ৭টার দিকে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকার শাহ আমীন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি—রাউজানের পূর্ব রাউজান (শমশেরনগর) এলাকার শাহাব উদ্দিনের ছেলে দিদার আলম (৩০) এবং মৃত অছিউর রহমানের ছেলে আফসার মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টা ৪০ মিনিটে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান (জুরুলকুল) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমির হোসেন ফকির বাড়ির একটি বসতঘরের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, গ্রেফতার দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি এবং আফসার মিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাকসুদুল আলম (বিপিএম) বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, এ মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।