
সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট সেলিম উল্লাহ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রামুর সম্রাট কনভেনশন হলে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) উদ্যোগে এবং রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যবস্থাপনায় এ সাধারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আমিন উল্লাহ খান। কক্সবাজার জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক বি. কে. আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব কে এম আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সৈয়দ মো. শাহেদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. রেহান উদ্দিন।
সভায় ইট শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, সরকারি নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনা এবং খাতটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কক্সবাজার জেলার বিভিন্ন ইটভাটার মালিকরা অংশ নেন।
পরে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা রামু উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত নেতারা ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।