
সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। শনিবার (২ আগস্ট) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
উদ্বোধনের পর সংসদ সদস্য চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সূর্যের হাসি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে, যা প্রশংসনীয়। তিনি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৯ বছর ধরে সূর্যের হাসি ক্লিনিক মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা এবং সাধারণ চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। পাশাপাশি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমেও প্রতিষ্ঠানটি অংশীদার হিসেবে কাজ করছে।
সূর্যের হাসির রেভিনিউ অ্যান্ড ক্লিনিক অপারেশন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আব্দুল নূর বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। রামুতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সূর্যের হাসি নেটওয়ার্কের কোয়ালিটি অ্যাস্যুরেন্স অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বিভাগের প্রধান ডা. মোস্তফা আল নাঈম, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সভাপতি এম. আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, প্রধান কার্যালয়ের প্রতিনিধিসহ স্থানীয় স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সীমিত পরিসরে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।