
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ বীর বিলাইছড়ি জোন।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা মিনি স্টেডিয়ামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় ১৮টি জার্সি, দুটি ফুটবল ও দুটি ফুটবল নেট বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিলাইছড়ি স্পোর্টস একাডেমির পরিচালক ও প্রধান কোচ অতীশ দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন। এ সময় একাডেমির খেলোয়াড়রা জোন অধিনায়কের কাছে ক্রিকেট খেলার প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের দাবি জানান।
জবাবে জোন অধিনায়ক খেলোয়াড়দের উৎসাহিত করে জার্সি, বুট, ব্যাটসহ প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম প্রদানের আশ্বাস দেন।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে স্থানীয়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।