
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া এবং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।
অনুষ্ঠানে সফল মাছচাষি হিসেবে মো. ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগমের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এছাড়া সফল মৎস্যচাষি হিসেবে কংচাইরীপাড়া একতা মৎস্যচাষি সমিতি, পাইটল ফার্ম গ্রামের মো. আবু তালেব এবং জিয়নগরের মো. মহিন উদ্দিনকে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, মৎস্য খাতের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। পানছড়ির জলাশয় ও পুকুরের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা মাছচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত পোনা মজুদ এবং জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে মৎস্য খাতের সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।