
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—খেদারমারা ইউনিয়নের সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা চাকমা (৫) এবং সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকার লক্ষ্মীরঞ্জন চাকমার ছেলে কান্দারা চাকমা (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেদারমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় অনুষ্কা। পরে তার বাবা সুজিত বিকাশ চাকমা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে গিয়ে গত ১১ আগস্ট নিখোঁজ হয় কান্দারা চাকমা। স্থানীয়ভাবে কয়েক দিন খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা অনুষ্কার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
দুই শিশুর মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান অনুষ্কার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।
স্থানীয়রা শিশুদের জলাশয় ও নদীর আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।