
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সম্প্রীতি কাপ’ ফুটবল প্রতিযোগিতা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “খেলাধুলা পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন।”
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ বনাম মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ। বিকেল ৪:১১ মিনিটে ম্যাচ শুরুর পর থেকেই জমে ওঠে মাঠের লড়াই। খেলার ৪:১৫ মিনিটে মাটিরাঙ্গা পৌরসভা একাদশের খেলোয়াড় রায়হানের দারুণ গোলে দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ৪:৩৪ মিনিটে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের বিশ্বাস ত্রিপুরা দৃষ্টিনন্দন এক গোল করে খেলায় ১-১ সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় পৌরসভা একাদশের মুন্না গোল করে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে রোমাঞ্চকর এই ম্যাচের একদম শেষভাগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ পেনাল্টি পায় এবং তা থেকে গোল করে খেলা ২-২ সমতায় শেষ করে। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ক্যাপ্রুসাই মারমা। তার সহকারী হিসেবে ছিলেন নয়ন উদ্দিন ও কাওছার আহাম্মেদ। সম্পূর্ণ ম্যাচজুড়ে চমৎকার ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ। মাটিরাঙ্গা পৌরসভা সহ মোট ৬টি দল লিগ পদ্ধতিতে এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি এবং গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়া।
এছাড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নুর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির আবদুল জলিল, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।