
বাঘাইছড়ি প্রতিনিধি।।
‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা মারজান বলেন, অভিভাবক ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের এ বিষয়ে ‘না’ বলার মানসিকতা গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।