
মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ধলিয়াখালের ভয়াবহ ভাঙনরোধে পাঁচটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১ নম্বর প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
ধলিয়াখালের ভাঙন ও জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সামনে আসে। ভাঙনের কারণে কয়েকশ পরিবার দীর্ঘদিন ধরে ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে বসবাস করছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সাদ্দাম হোসেন ভাঙনকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে ধলিয়াখালের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার কাছে বিষয়টি তুলে ধরেন।
এলাকাবাসীর স্বার্থে ধলিয়াখালের ভয়াবহ ভাঙনপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বলে জানা গেছে।
প্রস্তাবিত পাঁচটি প্রকল্প হলো— ১. মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জাকির মাস্টারের বাড়ির নিচ থেকে ধংস্রী মার্মার বাড়ি পর্যন্ত ২১০ মিটার। ২. মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টার কবরস্থান থেকে মোতাহারের বাড়ি পর্যন্ত ১৮০ মিটার। ৩. মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্বাস আলীর বাড়ি থেকে চরপাড়া জামে মসজিদের শেষ সীমানা পর্যন্ত ৩২০ মিটার। ৪.মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রশিদ মিয়ার বাড়ি থেকে তাজল মিয়ার বাড়ি পর্যন্ত ১৭০ মিটার। ৫.মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধনা মিয়ার বাড়ি থেকে রেনু মিয়ার বাড়ি পর্যন্ত ৯২০ মিটার।
এই পাঁচটি প্রকল্পের আওতায় ধলিয়াখালের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে ভাঙনরোধে প্রয়োজনীয় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
দ্রুততম সময়ে ভাঙনরোধ প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, ধলিয়াখালের ভাঙনরোধে নেওয়া এই উদ্যোগ বাস্তবায়িত হলে বসতবাড়ি, রাস্তা, কৃষিজমি ও জনসাধারণের চলাচলসহ সামগ্রিকভাবে এলাকার নিরাপত্তা নিশ্চিত হবে।
এদিকে, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, মানুষের দুর্ভোগের কথা শোনা এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মহলে বিষয়টি তুলে ধরায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সাদ্দাম হোসেনের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, জনদুর্ভোগ নিরসনে তাঁর এ ধরনের উদ্যোগ ও পরিশ্রম এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ করবে।