
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু ম্রাসা থোয়াই মারমা শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) তিনি মুফতী রবিউল ইসলাম শামীমের বাসভবনে উপস্থিত হয়ে এই কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী পদক্ষেপ, পাহাড়ে দীর্ঘদিনের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, গুইমারা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানা সমস্যা ও সম্ভাবনা এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, “পাহাড়ে শান্ত পরিবেশ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গুইমারাসহ সমগ্র খাগড়াছড়ি জেলার সর্বাঙ্গীন উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। স্থানীয় উন্নয়ন ও শান্তির স্বার্থে এই পারস্পরিক সহযোগিতা আগামীতেও বজায় থাকবে।”
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা এবং সম্প্রীতি বজায় রাখতে নিজেদের মধ্যকার সংযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তারা।