
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে ডা. আকেইপ্রু চৌধুরী স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথ আশ্রম ও প্রজ্ঞাবংশ শিশু সদন কমপ্লেক্সে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানের শিশু, অসহায় ও সুবিধাবঞ্চিতসহ শতাধিক মানুষ এ বিনামূল্যের চিকিৎসাসেবার আওতায় আসেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আকেইপ্রু চৌধুরী। তিনি এমবিবিএস (ডিইউ), এমপিএইচ এবং চর্ম, যৌন রোগ ও অ্যালার্জি বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত। এছাড়া তিনি অ্যাস্থেটিক মেডিসিনে ডিপ্লোমাধারী এবং থাইল্যান্ড থেকে লেজার ও অ্যাস্থেটিক মেডিসিনে ফেলোশিপ সম্পন্ন করেছেন। তিনি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ও লেজার এক্সপার্ট হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। শিবিরে বিভিন্ন ধরনের চর্মরোগ, অ্যালার্জি, ব্রণ, ব্রণের দাগ, একজিমা, সোরিয়াসিস, দাদসহ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি হাসপাতাল) এর ম্যানেজার পারভেজ ইসলাম মামুন।
আয়োজকরা জানান, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি হাসপাতাল)।