
কাপ্তাই প্রতিনিধি:
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুর রহমান রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় কেপিএম এ পৌঁছালে করাখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ শহীদ উল্লাহ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুর রহমান কেপিএমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরে কেপিএম গেস্ট হাউসে কারখানার বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বিসিআইসি চেয়ারম্যান বলেন, “কেপিএম মিল সরকার বন্ধ করবে না। কীভাবে এই প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে সরকার বিবেচনা করবে।” তিনি কেপিএমের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানটিকে আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মোঃ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (উৎপাদন) মইদুল ইসলাম, মহা ব্যবস্থাপক (বন) আলী আহমেদ,উপ-প্রধান প্রকৌশলী ফখরউদ্দীন রাজী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক,সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, সহ কেপিএমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিসিআইসি চেয়ারম্যানের এ পরিদর্শনকে কেপিএমের কর্মকর্তা-কর্মচারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ কাগজকলের উৎপাদন বাড়ানো ও কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।