
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উপজেলার খন্তাকাটা কেএফসি ফুটবল একাদশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে খন্তাকাটা কেএফসি ফুটবল একাদশ ৭-৬ গোলে রাজস্থলী বাজার ফুটবল একাদশকে পরাজিত করে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল ও সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট আহ্বায়ক কমিটির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জিকু কুমার দে, সদস্যসচিব জোনায়েদ ইসলাম জুনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ দেখতে রাজস্থলী, কাপ্তাই ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, প্রাইজমানি ও মেডেল তুলে দেন অতিথিরা।