
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বাজার থেকে হাঁসেরদিঘি পর্যন্ত প্রায় ১১ থেকে ১৩ কিলোমিটার অংশের দুই পাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় বেড়ে উঠেছে। এতে সড়কের প্রশস্ততা ও দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন চালক ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সড়কের নির্জন অংশগুলোতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের দুই পাশে ঘন ঝোপঝাড় ও আগাছা বেড়ে উঠেছে। কোথাও কোথাও এসব ঝোপঝাড় সড়কের কাছাকাছি চলে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এতে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে সমস্যা হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলকারী চালকদের ভাষ্য, লামা ও আলীকদম উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। সড়কের পাশে ঘন ঝোপঝাড়ের কারণে কয়েকটি স্থান দিনের বেলাতেও আড়ালযুক্ত ও নির্জন হয়ে পড়েছে। এসব এলাকায় মাদক সেবন, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
সড়কে নিয়মিত যাতায়াতকারী একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মাহমুদুল হক বলেন, দীর্ঘদিন ধরে ঝোপঝাড় পরিষ্কার না করায় সড়কের পরিবেশ ও দৃশ্যমানতা নষ্ট হয়েছে। তার মতে, ঝোপঝাড়ের আড়ালকে কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করার সুযোগ পেতে পারে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
কবিরার দোকান বাজার এলাকার একটি রেস্টুরেন্টের মালিক ফরিদুল ইসলাম বলেন, বাইরে থেকে আসা কিছু পর্যটক ও যাত্রী ছিনতাইয়ের শিকার হওয়ার কথা তারা শুনেছেন। সন্ধ্যার পর রেস্টুরেন্টে আসা অতিথিদের নিরাপত্তা নিয়েও তাদের সতর্ক থাকতে হয়। তার ভাষ্য, কোনো ঘটনা ঘটলে অপরাধীরা ঝোপঝাড়ের আড়ালে চলে যাওয়ার সুযোগ পেতে পারে।
স্থানীয়রা বলছেন, সড়কের দুই পাশ নিয়মিত পরিষ্কার ও পরিচর্যার আওতায় আনা হলে দৃশ্যমানতা বাড়বে এবং ঝুঁকি কমবে। পাশাপাশি সড়কের গুরুত্বপূর্ণ ও নির্জন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবিও জানিয়েছেন তারা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বান্দরবানের উপসহকারী প্রকৌশলী এবং লামা-চকরিয়া সড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশুই প্রু মার্মা বলেন, শিগগিরই সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হবে। বর্ষাকালে ঝোপঝাড় দ্রুত বেড়ে ওঠায় পরিষ্কার করার কয়েক দিনের মধ্যেই আবারও আগাছা দেখা দেয় বলেও জানান তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, সড়কের নিরাপত্তার জন্য দুই পাশ পরিষ্কার রাখা জরুরি। যানবাহন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কটিতে নিয়মিত পুলিশি টহল রয়েছে বলেও জানান তিনি।