
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় শুভ মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাছড়ি পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ধর্মীয় কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় জোন কমান্ডার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান উপলক্ষে জোন কমান্ডারের পক্ষ থেকে আয়োজকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে তিনি আয়োজকদের শুভেচ্ছাস্বরূপ স্যুভেনির উপহার দেন।