
নিজস্ব প্রতিবেদক
ইঁদুরের বারবার উপদ্রবসহ নানা সংকট মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কারিতাস বাংলাদেশ, জাবারাং কল্যাণ সমিতি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা।
সাজেকে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কারিতাস বাংলাদেশের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু বলেন, বাইরের সহায়তা সংকটের সময়ে সাময়িক স্বস্তি দিতে পারে; তবে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন স্থানীয় জনগণের উদ্যোগ, প্রস্তুতি ও সম্মিলিত পদক্ষেপ। তিনি বলেন, ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সাজেকের জনগণকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে।
সভায় বক্তারা সাজেকের দীর্ঘমেয়াদি উন্নয়নে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এলেক্স ত্রিপুরা এবং আঞ্চলিক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির কর্মকর্তা ড্যানিয়েল শিপু গোমেজসহ বক্তারা প্রাপ্ত সহায়তা সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতির আহ্বান জানান।
শিয়ালদাই লুই মৌজার হেডম্যান জৌপৈথাং ত্রিপুরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রকল্পের আইপি ফোকাল বিদ্যুৎ জ্যোতি চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য বন বিহারী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মচরন ত্রিপুরা।
সভা শেষে সাজেককে আরও সহনশীল ও সংকট মোকাবিলায় সক্ষম করে তুলতে ঐক্য, আত্মনির্ভরতা ও দীর্ঘমেয়াদি কমিউনিটি উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, “Humanitarian Assistance to Rat Flood Affected People in Rangamati District” প্রকল্পের আওতায় সাজেকে ইঁদুরের উপদ্রবে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। CAFOD ও Caritas Hong Kong-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাবারাং কল্যাণ সমিতি, সহযোগিতায় রয়েছে ক্যারিতাস বাংলাদেশ। মোট ৫৫০ জনের মধ্যে আজ ১৮৬ পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়।