
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫৫ শতাংশ। ৪১টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদ্রাসা থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে পাসের হারের দিক থেকে শীর্ষ স্থান দখল করেছে পোমরা শহীদ জিয়া আনসারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২.৯২ শতাংশ।
অন্যদিকে, সর্বোচ্চ ১৪টি জিপিএ-৫ পেয়ে ফলাফলের শীর্ষ জিপিএ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়া পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, উপজেলার কিছু স্কুলে পাসের হার ৬০ শতাংশের উপরে থাকলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে বিদ্যালয়ভেদে ফলাফলের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়েছে।
উপজেলার ১৫টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে ৮৩.৬৭ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
৭৫.৩১ শতাংশ পাসের হার ও ৫টি জিপিএ-৫ নিয়ে মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা-ই-তায়্যিবিয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। এছাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় ৭০.৯১%, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসায় ৬৮.১২% এবং উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৬১.৯০% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ফলাফল ঘোষণার পর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে, তুলনামূলক পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষাবিদরা।