
কক্সবাজার জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমের সচেতনতা ও ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রত্যাশী-এর সিমস প্রকল্পের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। সভাপতিত্ব করেন প্রত্যাশীর উপ-নির্বাহী পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন চৌধুরী। সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির (সূফি মনি) অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রামু টিটিসির অধ্যক্ষসহ প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু।
কর্মশালায় নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অভিবাসন-সংক্রান্ত প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট সেবাসমূহ উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুইস উন্নয়ন সংস্থা Swiss Agency for Development and Cooperation-এর আর্থিক সহায়তা এবং Helvetas Bangladesh-এর কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সমুদ্র সৈকতের কলাতলীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও সম্প্রচার মাধ্যমের অর্ধশতাধিক প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।