
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ৯৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জাবেদ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে কাউখালী থানাধীন ১ নম্বর বেতবুনিয়া ইউনিয়নের রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে অভিযান চালানো হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জিন্নাত খান ও সঙ্গীয় ফোর্স চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন।
এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালক মো. জাবেদের হেফাজত থেকে ৯৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৪, তারিখ: ১০ জুন ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।