
নিজস্ব প্রতিবেদক।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণের চাল বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিএনপির এক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া এলাকা থেকে তাকে হেফাজতে নেয় চন্দ্রঘোনা থানা পুলিশ। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি হলেন আবুল হাসেম মেম্বার। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল বিতরণ না করে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে স্থানীয়রা আবুল হাসেম মেম্বারকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় চাল বহনকারী গাড়ির চালক চয়ন বড়ুয়াকেও (৪০) হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ত্রাণের দুই বস্তা চাল এবং একটি চান্দের গাড়ি (জিপ) জব্দ করা হয়েছে। জব্দ করা গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-০৬-০০৩০।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগ, ত্রাণের চাল বিক্রির সময় আবুল হাসেম মেম্বারকে আটক করা হয়েছে। খবর পেয়ে তাকে ও গাড়ির চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। জেলা পরিষদ থেকে দেওয়া ত্রাণের চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। গাড়ির ভাড়ার পরিবর্তে চালককে দুই বস্তা চাল দেওয়া হয়েছিল, যা পুলিশ জব্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।