
খাগগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দুই শতাধিক কিশোরী ও নারী অংশ নেন।
কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

এ সময় অংশগ্রহণকারী কিশোরী ও নারীদের মধ্যে এসিআই লিমিটেডের ‘ফ্রিডম’ ব্র্যান্ডের সহযোগিতায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থী ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
একই দিনে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মোট ৪৭৭ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে নারী ও শিশু ৩৪০ জন এবং পুরুষ ১৩৭ জন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকদের মতে, কর্মসূচির উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করা, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালনে উৎসাহিত করা। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে খোলামেলা আলোচনা ও সহজলভ্য স্বাস্থ্যসেবার মাধ্যমে কিশোরী ও নারীদের সুস্থ ও নিরাপদ জীবনযাপনে উদ্বুদ্ধ করাও এ উদ্যোগের লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও অংশগ্রহণকারীরা এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।