
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার ছোটগাছবান শ্রীশ্রী শিব মন্দিরে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় ছোটগাছবান শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটি ও খুমসারি ক্লাবের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন মোহন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং শ্রীশ্রী ত্রিপুরা সনাতনী গীতা সংঘ, খাগড়াছড়ির উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম, সিঙ্গিনালার প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ছোটগাছবান পাড়ার শিব মন্দিরের ভূমিদাতা অলেন কান্তি ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা, ছোটগাছবান পাড়ার কার্বারি রতি বিজয় ত্রিপুরা এবং শিব মন্দির পরিচালনা কমিটির সদস্য সঞ্জয় ত্রিপুরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি মধুসূদন ত্রিপুরা। গীতা পাঠ করেন নিলয় ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও খুমসারি ক্লাবের সভাপতি অজয় ত্রিপুরা (অনিল)।

বক্তারা বলেন, গীতা শিক্ষালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। নিয়মিত গীতা পাঠ ও চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকশিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নয়; জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।