
জসিম উদ্দিন, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলা কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।