
স্টাফ রিপোর্টার।।
তথ্য অধিকার আইনের আওতায় জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেছেন, আইন অনুযায়ী যে তথ্য দেওয়া সম্ভব, তা দিতে হবে। কোনো তথ্য দেওয়া সম্ভব না হলে এর কারণও স্পষ্টভাবে জানাতে হবে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এবারের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন একটি আইনি অধিকার। জনগণের প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে যেন হয়রানির শিকার হতে না হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সে বিষয়ে আন্তরিক হতে হবে। একই সঙ্গে উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা ও সচেতনতা বাড়াতে হবে।
সভায় তথ্য অধিকার দিবসের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক আবদুস সালাম।