
মোবারক হোসেন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সোমবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের হাতে সার্টিফিকেট, বিভিন্ন ধরনের বীজ, স্প্রেয়ার মেশিন ও কম্পোস্ট সার তুলে দেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের দুর্গম পাহাড়ি এলাকাতেও কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি, উপকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক ও লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।